1
1
টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে গণধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং আয়নালের ছেলে মো. রুবেল। মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মামলার নথিসূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল তাঁর পথরোধ করে। একপর্যায়ে বাকবিতণ্ডার পর আসামিরা তাঁকে পাশের একটি কাছারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে এবং রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ভুক্তভোগী নিজে মধুপুর থানায় উপস্থিত হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকনুজ্জামান জানান, মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।