Popular Posts

নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কলেজ রোডের এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান—মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরিডে ফ্যাশন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
​ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাত ৯টার মধ্যে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। বাড়িতে পৌঁছামাত্রই মোবাইল ফোনের মাধ্যমে তারা জানতে পারেন দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে এসে তারা দেখেন, ফায়ার সার্ভিস, স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ প্রশাসন যৌথভাবে আগুন নেভানোর কাজ করছেন। ক্ষতিগ্রস্ত তিন দোকানি জানান, আগুনে নগদ টাকাসহ তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
​নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি।” প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে।
​নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পর্যাপ্ত পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বাজারে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।”
​নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও থানাকে জানাই। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
​এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন নাগরপুর-দেলদুয়ারের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর প্রতিনিধি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কোষাধ্যক্ষ মো. রাজিব আহমেদ, সদস্য তোফাজ্জল হোসেন তুহিন এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ছায়েদ আলী স্বাধীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *