Popular Posts

নাগরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে ‘বেজি গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের প্রধান ও একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেজি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে গয়হাটাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। ৫ আগস্টের পর গ্রুপটি কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও সম্প্রতি তারা আবারও সক্রিয় হয়ে ওঠে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেজি গ্রুপের সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে নাগরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এনাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *